চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দরের সব সেবা মিলবে এখন এক ছাদের নিচে। বহুল প্রতিক্ষিত এই ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। গতকাল বুধবার বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধন করেন তিনি।
এ সময় বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রশাসন) মো: সামীমুজ্জামান, সদস্য (অর্থ) মো: মাহবুব আলম তালুকদার, সদস্য (প্রকৌশল) কমডোর মো: মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মো: ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্দর চেয়ারম্যান বলেন, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ভেতরে ছিল। তখন হাজার হাজার মানুষ বন্দরের ভেতরে ঢোকা-বের হওয়ায় সমস্যা হতো। ৮০ কোটি টাকা ব্যয়ে এ ভবন তৈরি হয়েছে। ভবনের দাম এক বছরে উঠে আসবে। ভবনের নিরাপত্তার বিষয়টি আইএসপিএম কোড মেনে করা হয়েছে। তিনি বলেন, এই ভবন থেকে এক মাসে পাঁচ কোটি টাকা আয় হবে। এ ভবন পোর্ট কমপ্লায়েন্সে যুগান্তকারী পদক্ষেপ।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালে ভবনের কাজ শুরু হয়। নিচতলায় রিসিপশন। প্রথম তলায় টোকেন দেয়া হবে। সব ফ্লোরে ব্যাংকের বুথ আছে। তিনটি ফ্লোরে সার্ভিস দেয়া হবে। পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া দেয়া হয়েছে। বাকি তিনটি ফ্লোর বন্দরের কাজে ব্যবহৃত হচ্ছে।