সিভাসুতে দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রশিক্ষণ সম্পন্ন
Printed Edition
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ১০ দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিআরটিসি) এবং ডেইরি ও পোলট্রি সায়েন্স বিভাগ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। সমবায় অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় পিআরটিসি’র বোর্ড মিটিং কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সমবায় অধিদফতরের মহাপরিচালক মো: ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) সুব্রত কুমার সিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিভাসু সিন্ডিকেট সদস্য মোহাম্মদ ইকবাল হোসাইন। পিআরটিসির পরিচালক প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো: ইনকেয়াজ উদ্দিন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
১০ দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে-কলমে নিম্নলিখিত পণ্য তৈরির কৌশল শেখানো হয়- দই, মিষ্টি ও ছানা। মাখন, ঘি ও পনির। লাবাং, বোরহানি ও মাঠা। সিভাসু’র বিশেষজ্ঞ শিক্ষকরা ছাড়াও বিএসটিআই এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন। এতে ব্রাহ্মণবাড়িয়া, কুতুবদিয়া ও চকরিয়া অঞ্চলের দুগ্ধ সমবায় সমিতির মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে এবং বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের দুগ্ধ শিল্পের উন্নয়নে সহায়ক হবে। বিজ্ঞপ্তি।