এস এম সুলতান পদক পাচ্ছেন সৈয়দা ইকবাল মানদ বানু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও শিল্প-সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘এস এম সুলতান পদক ২০২৬’ পাচ্ছেন সুরভী স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মানদ বানু। আগামী ১৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে আয়োজিত ‘সুলতান শিশু উৎসব ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেয়া হবে।
বাংলার কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘ক্যানভাস’ এই উৎসবের আয়োজন করেছে। ১৯ জুন ঢাবির চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে দিনব্যাপী নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হবে।
আয়োজকরা জানান, উৎসবের অংশ হিসেবে চারুকলা অনুষদ প্রাঙ্গণে সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ৩টা থেকে শুরু হবে আলোচনা সভা, মূল পদক প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিকেল ৫টায় উৎসবের মূল পর্বে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি থাকবেন ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিল্পী শহীদুল ইসলাম শহীদ। পুরো আয়োজনের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রশিল্পী মো: মাহমুদুল হাসান।