শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল র্যালি
Printed Edition
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হতে যাচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। আগামী ১৮-২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগান মাঠে অনুষ্ঠিত হবে উৎসবটি। তিন দিনব্যাপী এ উৎসবকে ঘিরে এরই মধ্যে শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ২৬টি নৃ-গোষ্ঠীর সংস্কৃতির এ মিলন মেলাকে সফল করার লক্ষ্যে অগ্রিম প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও নানা শ্রেণী-পেশার মানুষ এ র্যালিতে অংশ নেন। বর্ণিল ব্যানার-ফেস্টুন, ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় পথজুড়ে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ র্যালিকে আরো উৎসবমুখর ও প্রাণবন্ত করে তোলে।
শেষে র্যালিটি শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। পুরো আয়োজনে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’ শ্রীমঙ্গলের ঐতিহ্য, সংস্কৃতি ও বহুজাতিক পরিচয়কে এক সুতোয় বাঁধার একটি অনন্য আয়োজন।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে আরো সুন্দর ও প্রাণবন্ত করবে বলে আমরা বিশ্বাস করি।’