প্রোটিয়া-উইন্ডিজ ম্যাচে সেমির সমীকরণ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আইসিসি টি-২০ বিশ্বকাপে আজ সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের লড়াইয়ে নির্ভর করছে সেমিফাইনালে উঠার লড়াইও। ম্যাচটি আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে। সুপার এইটে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। যে দল জিতবে, তারাই উঠবে শেষ চারে।
সম্প্রতি দ্বিপক্ষীয় তিন ম্যাচ সিরিজে ওযেস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সে হিসেবে এগিয়ে থাকবে এইডেন মার্করামের দল। দলে পেস বিভাগে আছেন কাগিসো রাবাদার মতো অভিজ্ঞ পেসার। ফাস্ট বোলার হিসেবে আছেন পরীক্ষিত লুঙ্গি এনগিডি। আর ব্যাটিংয়ে রয়েছে লম্বা লাইনআপ। অবসর থেকে ফিরে দারুণ ছন্দে আছেন কুইন্টন ডি কক। এ ছাড়া এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেল্টন, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার ও ট্রিস্তান স্টাবসের মতো ব্যাটার। যারা নিজেদের দিনে যেকোনো ম্যাচের ফল আয়ত্বে নেয়ার ক্ষমতা রাখে।
এ দিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ বিস্ফোরক ব্যাটারে পরিপূর্ণ। রাদারফোর্ড সেই তালিকায় সেরা একজন, আর সম্মিলিত ভাবে যারা প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ কেড়ে নেয়ার ক্ষমতা রাখে। শিমরন হেটমায়ারের মতো রাদারফোর্ডও দীর্ঘস্থায়ী ইনিংস খেলতে সক্ষম। পেস বিভাগে নেতৃত্বে রয়েছেন জেসন হোল্ডারের মতো অভিজ্ঞ বোলার। স্পিন বিভাগে আছেন আকিল হোসাইন। ব্যাটিংয়ের ভরসার নাম অধিনায়ক শাই হোপ। শিমরন হেটমায়ার, শেরফেন রাদারফোর্ড ও রোভম্যান। উভয়ই নিজ নিজ বিভাগে প্রমাণিত। এই ফরমেটের অন্যতম মারাত্মক ব্যাটার শিমরন হেটমায়ার ব্যাটিং-বান্ধব ডেক থেকে সর্বাধিক সুবিধা নেয়ার চেষ্টা করবেন। যা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জন্য অসুবিধার কারণ হতে পারে।
সুপার এইটে গ্রুপ-১-এর ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানের বিশাল জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে একই গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের ৩০তম বারের মতো মুখোমুখি লড়াই হবে এটি। এর আগে ২৯ বারের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৫টি জিতেছে আর ১৪টি ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
টি-২০ বিশ্বকাপের স্পষ্ট আধিপত্য দক্ষিণ আফ্রিকার। সংক্ষিপ্ত ভার্সনের এই ফরম্যাটে পাঁচবার মুখোমুখি লড়াইয়ে প্রোটিয়াদের চারটির বিপরীতে একটিমাত্র ম্যাচে জয় পেয়েছে ক্যারিবীয়রা। ২০১৬ সালে বিশ্বকাপে সর্বশেষ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এখন তাদের সামনে ১০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পালা।