সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যা চেষ্টা
দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু আত্মহত্যার চেষ্টা করেছেন। গত সোমবার রাতে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানান, ‘বর্তমানে রোগী আইসিইউতে আছেন। চিকিৎসা চলছে এবং তিনি স্ট্যাবল অবস্থায় রয়েছেন।’ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক আবেগঘন স্ট্যাটাসে সীমু লিখেছেন, দীর্ঘ ৭ বছর ধরে চলা মানসিক চাপ ও নির্যাতন তিনি আর সহ্য করতে পারছেন না। তিনি বলেন, আমি যথেষ্ট স্ট্রং ছিলাম, আল্লাহর ওপর আমার ভরসা আছে; কিন্তু এখন বিশ্রামের প্রয়োজন। আমি খুব ক্লান্ত, শান্তিতে ঘুমাতে চাই। স্ট্যাটাসে তিনি স্বামী শিবলী সাদিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং তার জীবনে ঘটে যাওয়া অন্যায়ের বিচার দাবি করেন। উল্লেখ্য, শিবলী সাদিক ২০১১ সালে কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমাকে বিয়ে করেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে ২০১৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ২০১৯ সালে তিনি সীমুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জুলাই অভ্যুত্থানের পর থেকে শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। দিনাজপুর প্রতিনিধি।
চাঁদপুরে লঞ্চে সন্তান প্রসব
নারায়ণগঞ্জ-মোহনপুর থেকে চাঁদপুরগামী এমভি হাশিমপুর লঞ্চে নবজাতকের জন্ম দেন মা ফাতেমা আক্তার (৩২)। ঘটনাটি গতকাল মঙ্গলবার সকাল মতলব উত্তর একলাশপুর থেকে চাঁদপুর আসার পথে মেঘনা নদীতে ঘটে। যাত্রীদের সহায়তায় নিরাপদে কন্যাসন্তানটি ভূমিষ্ঠ হয়। লঞ্চ কোম্পানির মালিক আবুল ও মাহবুব ৫০০০ টাকা উপহার দিয়েছেন এবং ওই শিশুটির জন্য আজীবন লঞ্চে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই লঞ্চের ভেতরেই জন্ম নেয় এক কন্যাশিশু। চাঁদপুর নৌ থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এমভি হাশিমপুর লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে মোহনপুরের একলাশপুর ঘাটে ভিড়ে। ওই সময় মতলব উত্তর জহিরাবাদ ইউনিয়নের মেঘনার পশ্চিমপাড় চিরারচর গ্রামের জনৈক আল আমিন প্রধানিয়ার স্ত্রী ফাতেমা বেগম প্রসব বেদনা নিয়ে চিকিৎসার জন্য চাঁদপুর হাসপাতালে আসার জন্য ওই লঞ্চে ওঠে। সকাল ১০টার দিকে লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি আসতেই ওই লঞ্চের নিচতলার সিটের একটি চেয়ারে বসে থাকা ফাতেমা আক্তারের প্রসব ব্যথা ওঠলে লঞ্চের মহিলা যাত্রীদের সহায়তা সেখানেই কন্যা সন্তান প্রসব করে। চাঁদপুর প্রতিনিধি।
মোহনগঞ্জে শিশুকে গলা কেটে হত্যা
নেত্রকোনার মোহনগঞ্জে ঠাকুর মার (দাদী) সাথে গ্রামের বাড়িতে বেড়াতে এসে দিনদুপূরে নির্মমভাবে খুন হলো অংকিত বর্মন নামে তিন বছরের এক শিশু । গত সোমবার বিকেলে উপজেলার বরান্তর গ্রামে এই অনাকক্সিক্ষত ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সাগর বর্মনের সন্তান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশুটির পিতা সাগর বর্মন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। সে সূত্রে তাদের পরিবার সেখানে বসবাস করে। শিশুটির দাদী তাকে দেখাশোনার জন্য একই সাথে বসবাস করছিলেন। সপ্তাহ খানেক আগে দাদীর সাথে নাতনী অংকিত গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে নাতনীকে বাড়িতে রেখে পাশের গ্রামে যান দাদী। এ সময় শিশু অংকিত বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলা করছিল। কয়েক ঘণ্টা পর বাড়িতে ফিরে এসে নাতনীকে দেখতে না পেয়ে খোঁজতে শুরু করেন দাদী। একপর্যায়ে পাশের বাড়ির আত্মীয় সুকুমার বর্মনের ঘরের বিছানায় শিশু অংকিতের রক্তাক্ত লাশের সন্ধান পাওয়া যায়। নেত্রকোনা প্রতিনিধি ও মোহনগঞ্জ সংবাদদাতা।
অবৈধ পুকুর খনন, ঝুঁকিতে মন্দির
নওগাঁর বদলগাছী উপজেলায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার কোলা ইউনিয়নের ভাণ্ডারপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার সুবল ও সুনীলের পুকুর খননের দায়িত্ব নেন একই গ্রামের মিঠু হোসেন, যিনি স্থানীয়ভাবে ‘ফেন্সি মিঠু’ নামে পরিচিত। তিনি ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে দিন-রাত পুকুর খনন করছেন এবং সেই মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। এতে পুকুরপাড়ে অবস্থিত একটি কালী মন্দির মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় পাড় ধসে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এলাকাবাসী জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে তাদের হুমকি-ধমকি দেয়া হয়। ফলে অনেকেই ভয়ে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা।
রাসিকের রাজস্ব আদায়ে তাগিদ প্রশাসকের
নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন সিটি করপোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ দিয়েছেন। গতকাল মঙ্গলবার নগর ভবনে প্রশাসকের কনফারেন্স রুমে সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় রাসিক প্রশাসক চলতি অর্থবছরে আগামী জুন মাসের মধ্যে বিগত তিন অর্থবছরের চেয়ে বেশি রাজস্ব বৃদ্ধির আহ্বান জানান। সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা যথাযথভাবে নাগরিকদের সেবা করতে চাই। যেসব খাতে সিটি করপোরেশন রাজস্ব বঞ্চিত হচ্ছে, সেসব খাত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সসেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো: তাজউদ্দীন, ট্যাকসেশন কর্মকর্তা (কর) মো: মহীউদ্দীনসহ রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী ব্যুরো।
ঘরে উঁকি দেয়ার অভিযোগে বৃদ্ধকে হত্যা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেয়ার মিথ্যা অপবাদ দিয়ে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কলমা ইউনিয়নের একটি গ্রামে। নিহত ব্যক্তি স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রীকে কেন্দ্র করে হঠাৎ করে ওই বৃদ্ধের বিরুদ্ধে ‘উঁকি দেয়ার’ অভিযোগ তোলা হয়। এ নিয়ে বাগি¦ত ার একপর্যায়ে উত্তেজিত হয়ে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে। একপর্যায়ে থাপ্পড় ও পিটুনিতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলে অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত তিনি মারা যান। মুন্সীগঞ্জ প্রতিনিধি ।
৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন
সাতক্ষীরায় এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে একসাথে প্রায় ছয় হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলার যেসব শিশুর পরিবারের পক্ষে কোনো দিন জন্মদিন পালন করা সম্ভব হয় না কিংবা কখনো জন্মদিন পালন করা হয়নি, তাদের জন্য এই বিশেষ আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে কেক কেটে শিশুদের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। অনেক শিশুর জন্য এটিই ছিল জীবনের প্রথম জন্মদিন উদযাপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। এ সময় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, খাতা, কলম, মাটির ব্যাংক, ছাতা প্রভৃতি বিতরণ করা হয়। সাতক্ষীরা প্রতিনিধি।
এসএ কুরিয়ারের গাড়ি থেকে ভারতীয় মালামাল আটক
যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে ২৯ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে ট্রাস্কফোর্সের একটি দল। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমান জানান, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ও শার্শা থানার এসআই পায়েল কুন্ডোর উপস্থিতিতে আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্সের অভিযানে বেনাপোল থেকে ছেড়ে আসা এসএ পরিহনের (কুরিয়ার) একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা সাওয়ার জেল, গ্লো অ্যান্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েব কন্ডিশনার, হারবাল লাইফ নিউরোশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। যার সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা। শার্শা (যশোর) সংবাদদাতা।