প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ। গতকাল রোববার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এতে আরো বলা হয়, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

সৈয়দ আবদাল আহমদ ১৯৯২-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব (সরকারের উপসচিব পদমর্যদা) হিসেবেও দায়িত্ব পালন করেন। আবদাল আহমেদের জন্ম ১৯৬২ সালের ২৮ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের নাসিরপুর গ্রামে। তবে তিনি সিলেটের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে পড়াশোনা করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি অনার্স ও এমএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৮২ সালে দৈনিক বাংলায় বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করে এ পত্রিকায় ১৯৯৭ সাল পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরে দৈনিক আমার দেশ ছাড়াও কাজ করেছেন বাসস, দৈনিক জনকণ্ঠ, দৈনিক দিনকাল, সাপ্তাহিক বিচিত্রাসহ বেশ কিছু পত্রিকায়।

সৈয়দ আবদাল আহমদ ২০১১-২০১৫ সময়ে দু’মেয়াদে টানা পঁাঁচ বছর জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক ও কিশোর মাসিক টুনটুনির ভারপ্রাপ্ত সম্পাদক।