১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত

Printed Edition

২০১২ সাল হতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ আয়োজন শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ গত ১০-১১ ডিসেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়। সংলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এ সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুব গুরুত্বপূর্ণ। সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচিত হয়। এ ছাড়া সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া, কর্মশালা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিদ্যমান সুসম্পর্ককে আরো জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস। বাংলাদেশের পক্ষে উক্ত সংলাপে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর।