ভোলা-৩ আসনে নবীন প্রবীণের লড়াই
Printed Edition
মাকসুদুর রহমান পারভেজ লালমোহন (ভোলা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে জমে উঠেছে নবীন-প্রবীণের লড়াই। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের এই আসন দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে এবারো তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য মেজর হাফিজ তিন দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রবীণ এই রাজনীতিকের বিপরীতে মাঠে নেমেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী নিজামুল হক নাঈম। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে তিনি ফুলকপি প্রতীকে নির্বাচন করছেন। ভোটারদের মতে- নবীন ও উদীয়মান রাজনীতিক নাঈমের সাথে অভিজ্ঞ হাফিজের এই লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।
এ আসনে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোসলেহ উদ্দীন, জাতীয় পার্টির কামাল উদ্দীন এবং গণ অধিকার পরিষদের আবু তৈয়ব। সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে নিজেদের অবস্থান জানান দেয়ার চেষ্টা করছেন তারাও।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ভোলা-৩ আসনে মোট ভোটার তিন লাখ ৮৮ হাজার ৫৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৯৭ জন, নারী ভোটার এক লাখ ৮৮ হাজার ৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৯টি।
এ আসনের আরেকটি চমকপ্রদ দিক হলো শীর্ষ তিন প্রার্থীর জন্মস্থান একই গ্রামে। বর্তমানে সব প্রার্থীই জনসভা ও উঠানবৈঠকে ব্যস্ত সময় পার করছেন। উন্নয়ন, নদীভাঙন ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা।