চ্যাম্পিয়ন লিগ

শেষ ষোলোয় বার্সার মুখোমুখি নিউক্যাসেল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে মঙ্গলবার রাতে মাঠে নামছে স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা। ইংল্যান্ডের নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে স্বাগতিক নিউক্যাসেল উইনাইটেডের বিপক্ষে খেলবে কাতালানরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

লা-লিগায় বর্তমানে শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা এবং সাম্প্রতিক সময়ে দলটি দারুণ ছন্দে রয়েছে। সর্বশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে শীর্ষস্থান আরো শক্ত করেছে তারা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামছে দলটি।

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, কঠিন ম্যাচ হলেও তার দল প্রস্তুত। বিলবাওয়ের বিপক্ষে জয় থেকে ইতিবাচক দিকগুলো তুলে ধরে তিনি বলেন, দলটি একসাথে লড়াই করেছে এবং রক্ষণভাগও ভালো খেলেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নিউক্যাসলের বিপক্ষেও ভালো ফল পাওয়া সম্ভব। দলের তরুণ তারকা লামিন ইয়ামাল সাম্প্রতিক সময়ে দারুণ আলো ছড়াচ্ছেন। বিলবাওয়ের বিপক্ষে চমৎকার একটি গোল করে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পারফরম্যান্স নিয়ে সতীর্থ পেদ্রি বলেন, এত অল্প বয়সে ইয়ামাল অসাধারণ খেলছে এবং ভবিষ্যতে সে আরো উন্নতি করবে। এই মওসুমেই নিউক্যাসলের মাঠে জয়ের স্মৃতি রয়েছে বার্সেলোনার। সেই ম্যাচে ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড জোড়া গোল করে দলকে জয় এনে দেন। শেষ দিকে নিউক্যাসলের হয়ে একটি গোল করেছিলেন অ্যান্টোনি গর্ডন।