হাদি এ দেশের গর্বিত সন্তান: আসাদুজ্জামান রিপন

Printed Edition

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, শরিফ ওসমান হাদি এ দেশের এক গর্বিত সন্তান। তিনি আল্লাহর প্রিয় হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনি এ দেশটাকে অনেক বেশি ভালোবাসতেন। তার শহীদি মৃত্যু হয়েছে।

তিনি বলেন, লাখ লাখ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছেন। এরকম একটি জানাজা শুধুই পেয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান। এরপর পেলেন শরিফ ওসমান হাদি। লাখ লাখ মানুষের ভালোবাসা ও দোয়ায় সিক্ত হয়েছেন তিনি। আল্লাহ তায়ালা যেন তাকে কবুল করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন।

গত শনিবার রাতে মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার কলমা খান বাড়ি মসজিদ মাঠে কলমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে পরিবর্তনের রাজনীতি শীর্ষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের আটটি প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠিত নাগরিক বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লৌহজং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সভাপতিত্বে ও এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক বৈঠকে আরো উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম রনি মৃধা, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা বিএনপি নেতা কামাল খান, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শেখ সোলায়মান তপু, কাজী আহসান বায়োজীদ, ওবায়দুল ইসলাম রাজন, জহির দেওয়ান প্রমুখ।