ইউরোপ খুব খারাপের দিকে যাচ্ছে : ট্রাম্প

Printed Edition

নিউজ১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ইউরোপের কঠোর সমালোচনা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মহাদেশটি ‘খুব খারাপ পথে’ এগিয়ে যাচ্ছে। ব্যাপক অভিবাসন ইস্যুতে ইউরোপের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল প্রকাশের কয়েক দিনের মধ্যেই তার এই মন্তব্য এলো।

সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে ইউরোপীয় ইউনিয়নের জরিমানা করার বিষয়টিকে একটি ‘নোংরা পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। তবে তিনি স্বীকার করেন যে, এই বিষয়ে তার বিস্তারিত জানা নেই।

এরপর তিনি ইউরোপের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ইউরোপকে খুব সাবধান হতে হবে। আমরা ইউরোপকে ইউরোপ হিসেবেই রাখতে চাই। ইউরোপ খারাপ পথে যাচ্ছে, যা সেখানকার মানুষের জন্য খুবই খারাপ। আমরা চাই না ইউরোপ এতটা বদলে যাক।’

উল্লেখ্য, গত সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে ইউরোপকে ‘অতিরিক্ত নিয়ন্ত্রিত’ এবং অভিবাসনের কারণে ‘সভ্যতার সঙ্কটে’ পড়ার ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়। ওই কৌশলে আরো বলা হয়, ট্রাম্প প্রশাসন ইউরোপের বর্তমান গতিপথ বদলাতে ‘অভ্যন্তরীণ প্রতিরোধ’ তৈরিতে উৎসাহ দেবে। ইউক্রেন যুদ্ধ অবসানের মার্কিন পরিকল্পনা নিয়েও ওয়াশিংটন এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে সম্পর্ক জটিল হচ্ছে। ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে, ট্রাম্প প্রশাসন যুদ্ধ থামাতে কিয়েভকে রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দিতে চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে, রাশিয়া ট্রাম্পের এই নতুন কৌশলকে স্বাগত জানিয়ে বলেছে, এটি তাদের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ।

ট্রাম্পের এই অবস্থান প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বক্তব্যের সাথেও মিলে যায়। মাস্কের আগেও একাধিকবার ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করেছেন। সম্প্রতি তার প্রতিষ্ঠানকে জরিমানা করার পর তিনি ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত বলেও মন্তব্য করেছিলেন, যদিও ব্রাসেলস তার সেই বক্তব্যকে ‘পাগলামি’ বলে নাকচ করে দিয়েছে।