খালেদা জিয়া ও তারেকের নিরাপত্তা কর্মকর্তা শামছুল ইসলাম, নান্দাইলে আনন্দ

Printed Edition

ময়মনসিংহ অফিস

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত ড. শামছুল ইসলাম এখন থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাপনা ও তদারকি করবেন।

এ দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতী সন্তান ড. এ কে এম শামছুল ইসলামকে এ দায়িত্ব দেয়ায় নান্দাইল উপজেলাসহ পুরো জেলায় সন্তোষ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন। নান্দাইলের বিএনপি নেতারা তাকে এ দায়িত্ব দেয়ায় দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ময়মনসিংহে জন্মগ্রহণকারী এই সাবেক সেনা কর্মকর্তা অতীতেও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবেও পরিচিত।

শামছুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক তৎপরতা চালিয়েছিলেন। দলীয় সূত্র জানায়, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি তৎকালীন সরকারের সময়ে বিভিন্ন চাপের মুখে পড়েন এবং ২০২৫ সাল পর্যন্ত চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও ২০১৮ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় বলে দাবি করা হয়।