টেকনাফে এক খেপে ধরা পড়ল ৪০০ মণ ছুরি মাছ
Printed Edition
ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে জেলের জালে এক খেপে ধরা পড়েছে ৪০০ মণ ছুরি মাছ। শনিবার দুপুরে টেকনাফের মহেশখালীয়া পাড়ার নৌঘাট সংলগ্ন সমুদ্রে এসব মাছ ধরা পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে মহেশখালীয়া পাড়ার নৌঘাট থেকে হাফেজ আহমদের ফিশিং বোটে টানা জাল নিয়ে ২৬ জন জেলে প্রতিদিনের মতো মাছ ধরতে সমুদ্রে যান।
প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা পর জাল টানার সময় তারা দেখতে পান জালভর্তি ছুরি মাছ আটকা পড়েছে। পরে জাল টেনে উপকূলে তোলা হলে দেখা যায়, ধরা পড়েছে চার শত মণেরও বেশি ছুরি মাছ। স্থানীয় বাজারদরে এসব মাছের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে আনুমানিক ৩০ লাখ টাকা।
মাছ ব্যবসায়ী নুর কালাম জানান, তিনি প্রতি মণ সাত হাজার ৫০০ টাকা দরে মাছগুলো কিনে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
জালের মালিক হাফেজ আহমদ বলেন, আমার দু’টি টানা জাল আছে। প্রতি বছরই আল্লাহর রহমতে ভালো মাছ পাই। আজকে আনুমানিক ৩০ লাখ টাকার মাছ পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
এসব মাছ শুকিয়ে শুঁটকি করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।