ক্রিকেটারদের জরিমানা করল পিসিবি
Printed Edition
ক্রীড়া ডেস্ক
টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স পাকিস্তানের। সেমিফাইনালের আগেই সংক্ষিপ্ত ভার্সনের এই বৈশ্বিক আসর থেকে বিদায় নিতে হয়েছে দলটিকে। যে কারণে ক্রিকেটারদের ওপর অসন্তোষ প্রকাশ করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা দিতে হবে। এ খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
দেশটির সংবাদমাধ্যম এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। টুর্নামেন্টের শেষটা জয় দিয়ে করলেও সামগ্রিক পারফরম্যান্সে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে হতাশার ছায়া।
সূত্র মতে, পিসিবি কর্মকর্তারা খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অনেক তোষণ করা হয়েছে, এখন থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে শুধু পারফরম্যান্সের ভিত্তিতে। এরই মধ্যে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। পিসিবির ভাষায়, ভালো পারফরম্যান্সের জন্য যদি খেলোয়াড়রা পুরস্কার পান, তবে খারাপ পারফরম্যান্সের জন্যও তাদের জরিমানা দিতে হবে। ভারতের কাছে হারার পরপরই দলকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।