ইতিহাসের মুখোমুখি সেনেগাল-মরক্কো

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আফ্রিকান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর নেশন্স কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল ও স্বাগতিক মরক্কো। রাবাতের প্রিন্স মৌলায় আবদেল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।

আন্তর্জাতিক গণমাধ্যম এই ফাইনালকে শুধু শিরোপার লড়াই নয়; বরং ইতিহাস, পরিসংখ্যান, পশ্চিম ও উত্তর আফ্রিকার আধিপত্যের দ্বন্দ্ব হিসেবেও দেখছে। এফকন ফাইনালে এবারই প্রথম মুখোমুখি হলেও দুই দল এর আগে ৩২ বার মুখোমুখি হয়েছে। যেখানে মরক্কো ১৮ ও ৬ ম্যাচে জয় পেয়েছে সেনেগাল। এ ছাড়া পয়েন্ট ভাগাভাগি হয়েছে ৭ ম্যাচে।

চতুর্থবারের মতো এফকন ফাইনালে খেললেও ২০২১ সালে মিসরকে হারিয়ে প্রথম শিরোপা জেতে সাদিও মানের দল।

অন্য দিকে প্রায় ৫০ বছরের অপেক্ষা ঘোচাতে মরিয়া স্বাগতিক মরক্কো। ১৯৭৬ সালের পর আর কখনো আফ্রিকার সেরা হতে পারেনি লেস লায়ন্সরা। কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের অধীনে মরক্কো এই টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করেছে এবং পাঁচটি ক্লিন শিট রেখেছে। যা তাদের শক্ত রক্ষণভাগের প্রমাণ।