মুখে থাপ্পড়ের মতো অনুভূতি তৈরি করেছে : মার্করাম

Printed Edition

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর দণি আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘এই পরাজয় তাদের জন্য মুখে থাপ্পড়ের মতো’ অনুভূতি তৈরি করেছে। তিনি ম্যাচটিকে দলের জন্য একটি ‘খারাপ রাত’ বলেও উল্লেখ করেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্করাম বলেন, ‘হ্যাঁ, আমরা ভীষণ হতাশ। এটা যেন বড় একটা ধাক্কার মতো। পুরোপুরি মুখে থাপ্পড় না হলেও তেমনটাই মনে হচ্ছে। তবে এই অভিজ্ঞতা থেকে আমরা আরো শক্ত হয়ে ফিরতে চাই এবং ভবিষ্যতে দল হিসেবে আরো ভালো হতে চাই।’

কলকাতার ইডেন গার্ডেনের উইকেট ব্যাটিং সহায়ক হবে বলেই আশা করেছিলেন মার্করাম। তার মতে, ব্যাটাররা যদি কিছুটা ‘পুরনো ধাঁচের’ পরিকল্পনা নিয়ে ইনিংস গড়তেন, তাহলে প্রায় ১৯০ রানের সংগ্রহ সম্ভব ছিল। কিন্তু দণি আফ্রিকা শেষ পর্যন্ত ১৬৯ রানেই থেমে যায়।

এই ল্য নিউজিল্যান্ডের জন্য খুব একটা কঠিন হয়ে দাঁড়ায়নি। ১৩ ওভারেরও কম সময়ে তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের হয়ে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেন ফিন অ্যালেন। ওপেনিং জুটিতে অ্যালেন ও টিম শেফার্ট মাত্র ৪৭ বলেই ১০০ রান যোগ করেন, ফলে ম্যাচে আর ফিরতে পারেনি প্রোটিয়ারা।

মার্করাম আরো বলেন, ‘আমরা দল হিসেবে ম্যাচটি নিয়ে অবশ্যই আলোচনা করব। উইকেট দেখতে খুব ভালো লাগছিল, তাই ব্যাটিংয়ে দ্রুত মানিয়ে নেয়া দরকার ছিল। একটু ভিন্ন পরিকল্পনায় ১৯০ রানের দিকে যাওয়ার চেষ্টা করা যেত। ফলাফল নিয়ে আমরা হতাশ, তবে পুরো টুর্নামেন্ট জুড়ে দল যেভাবে খেলেছে, তাতে আমি গর্বিত। আজ কেবল একটি দুর্ভাগ্যজনক রাত ছিল।’