ঈদ উপলক্ষে এলো বৃষ্টির নাটক, সঙ্গে তারা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
কিছু দিন আগেই ব্রেন টিউমারের অপারেশন হয়েছে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। অপারেশনের বেশ কয়েক মাস আগে অর্থাৎ গত জুলাই মাসে জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের যুক্তরাষ্ট্র যাবার আগে তানিয়া বৃষ্টি মহিন খানের রচনায় ও পরিচালনায় ‘সংসারে সুখ নাই’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছিলেন। নাটকে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীরের সাথে আরো অভিনয় করেছিলেন ডলি জহুর, মাসুম বাশার, শেলী আহসান, সবুজ আহমেদ, সুমাইয়া অর্পা। নাটকে তানিয়া বৃষ্টি ও সুমাইয়া অর্পা দুই বোনের চরিত্রে এবং নিলয় ও সবুজ আহমেদ দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। বৃষ্টি ও অর্পার মায়ের চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর। নিলয় ও সবুজের বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার ও শেলী আহসান। নাটকটি গত ১৭ মার্চ ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রকাশের পরপরই নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর প্রধান কারণ নাটকটির গল্প এবং দ্বিতীয় কারণ হলো নাটকটিতে তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন। দর্শক জানেন যে কিছু দিন আগেই তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন হয়েছে। তাই তার অভিনীত নতুন নাটক দেখার জন্যও দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যে কারণে নাটকটির ভিউ্ও বেশ বাড়ছে। নির্মাতা মহিন খান বলেন,‘ নিলয় ভাই যুক্তরাষ্ট্রে যাবার আগেই মূলত এই নাটকটি নির্মাণ করা হয়েছিল। দুই বোনের একই পরিবারের দুই ভাইকে বিয়ে করাকে কেন্দ্র করেই মূলত নাটকের গল্প। নাটকে শ্রদ্ধেয় ডলি জহুর আপাসহ যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে নিখুঁত অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আমি ভীষণ তৃপ্ত। নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া ফেলেছে। বিশেষত বেশ কিছু দিন বিরতির পর নিলয় ভাই ও তানিয়া বৃষ্টি জুটির নাটক পেয়ে দর্শক বেশ উচ্ছ্বসিত।’ ডলি জহুর বলেন, ‘দোয়া করি বৃষ্টিকে আল্লাহ পুরোপুরি সুস্থ করে দিন। বৃষ্টির সঙ্গে সর্বশেষ এই নাটকটিতেই অভিনয় করেছিলাম। বৃষ্টি বেশ ভালো অভিনয় করে। মানুষ হিসেবেও বৃষ্টি খুব সুন্দর মনের মানুষ। পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এই দোয়াই করি।’