কতটুকু সুবিধা হলো ক্লাবগুলোর
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
২৯ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল এবারের বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এখন এই লিগের পর্দা নামবে ২৩ মে। ৬ ফেব্রুয়ারি ফিরতি এই লিগ শুরুর কথা থাকলেও এখন তা ৬ মার্চ অর্থাৎ এক মাস পর শুরু হচ্ছে। জাতীয় নির্বাচনের জন্য নিরাপত্তা ইস্যুতে লিগ ফের শুরুতে এই বিলম্ব। এই লিগ বিলম্বে শুরু হওয়ায় কয়েক ক্লাবের সুবিধাই হয়েছে। কারণ তারা ছুটি শেষে ক্যাম্পে ফেরা ফুটবলারদের ফিট করে তুলতে পারবে। আবার কিছু ক্লাবের জন্য সমস্যা হয়েছে। এ দিকে পিডব্লিউডি ও ব্রাদার্সের পাকিস্তানি ফুটবলাররা এখনো এসে পৌঁছায়নি। ব্রাদার্সের পাকিস্তানি খেলোয়াড়রা এই সপ্তাহেই এসে পৌঁছবে। জানান দলের গাম্বিয়ান কোচ ওমর সিসে। আর পিডব্লিউডির পাকিস্তানি খেলোয়াড়রা ২৭ তারিখে ঢাকায় আসবেন। ফলে লিগ মার্চে শুরু হওয়ায় লাভই হয়েছে পিডব্লিউডি ও ব্রাদার্সের।
যদিও লিগ পিছিয়ে দেরিতে শুরু করায় মোটেই খুশি হতে পারেননি বসুন্ধরা কিংসের সাথে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ফর্টিস এফসির কোচ মাসুদ পারভেজ কায়সার। তার মতে, আমি মোটেই খুশি নই। লিগ পেছালে নানান ধরনের জটিলতা দেখা দেয়। সেই সমস্যাগুলোই মোকাবেলা করতে হচ্ছে আমাদের।
অবশ্য ভিন্ন মত পিডব্লিউডির কোচ আনোয়ার হোসেনের। তার মতে, ‘আমাদের পাকিস্তানিরা এখনো এসে পৌঁছায়নি। ফলে লিগ ৬ মার্চ শুরু হওয়ায় লাভই হয়েছে। আমরা সময় পাব তাদের পরখ করতে।’
লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান আগেই জানিয়েছিলেন তিনি, ‘ক্লাবগুলোকে সময় দেবেন ফিরতি লিগের আগে প্রস্তুতিতে পর্যাপ্ত সময় দিতে।’ এখন ক্লাবগুলো সেই সময়ই পাচ্ছে। এতে প্রস্তুতি ভালো হবে। ভালো মানের লিগের জন্য যথাযথ প্রস্তুতিই দরকার। অবশ্য এতে ক্লাবগুলোর ক্যাম্প খরচ বেড়ে গেছে।
ব্রাদার্স ইউনিয়ন এবার গত বছরের শক্তি ধরে রাখতে পারেনি। নতুন রিক্রুট পাকিস্তানিদের সর্বশেষ অবস্থা কেমন সেটাও বুঝা যাচ্ছে না। কারণ তারা এসে পৌঁছতে পারেনি। তাদের এসে ট্রায়াল দিতে হবে। অবশ্য অন্য বিদেশী ও প্রবাসী ফুটবলার ক্যাসপার হক অনুশীলন করছেন কোচ ওমর সিসের অধীনে। আছেন জামাল ভূঁইয়াও তবে তিন ফুটবলারকে এখনো অনুশীলনে পাননি কোচ। এদের মধ্যে দুইজন হলেন মনির ও নীরা। এরপরও কোচের আশাবাদ নতুনভাবে দল সাজিয়ে তারা ভালোভাবেই শেষ করবে লিগ।
লিগ মার্চে শুরু হতে যাওয়ায় লাভ হয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডানের। কয়েক দিন আগে ক্যাম্প শুরু হয়েছে মোহামেডানের। বসুন্ধরা কিংস সূত্রে জানা গেছে, আর আজ থেকে পূর্ণদমে শুরু হচ্ছে বসুন্ধরা কিংসের অনুশীলন।