দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে : ফখরুল

Printed Edition
back-2
মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, অনেক চড়াই-উতরাই পার হয়ে, অনেক আন্দোলন, অনেক রক্ত ত্যাগ, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি। এই গণ-অভ্যুত্থানের পর নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করার সুযোগ আসছে।

মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে। কমিশনের মধ্য দিয়ে আমরা সংস্কারের সনদ স্বাক্ষর করেছি। দেশে এখন একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতি ও পরিবেশ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সেভাবেই প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তাদের প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন। সে পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন।

গতকাল সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে জানিয়ে ফখরুল বলেন, আমাদের সব অভিজ্ঞতা থেকে অন্তত এটুকু বলতে পারি বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই দেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তার রোগমুক্তির জন্য দোয়া চাইছেন। আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তায়ালা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে নিয়ে আসেন। দেশের জন্য কাজ করার সুযোগ দেন।

বেগম খালেদার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তার মেডিক্যাল বিষয়গুলো ডা: জাহিদের ওপর দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এটা আপনাদের সামনে নিশ্চয়ই বলবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশী-বিদেশী সব চিকিৎসককে যুক্ত রেখেই তারা চিকিৎসা কাজটি করছেন।