মাছরাঙায় একই আয়োজনে ১২ গান গাইলেন শাপলা

Printed Edition
bino-4
মাছরাঙায় একই আয়োজনে ১২ গান গাইলেন শাপলা

বিনোদন ডেস্ক

মাছরাঙা টিভির নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এ এবার গান গাইলেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শাপলা পাল। গত মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত চ্যানেলটিতে এই আয়োজনের রেকর্ডিংয়ে অংশ নেন শাপলা পাল। শাপলা পাল জানান, এই আয়োজনে তিনি টানা ১২টি গান গেয়েছেন। গানগুলো হলো ‘বাঁশির ও কিশোর ব্রজগোপী চিতচোর’, ‘সাগরের সৈকতে’, ‘দুঃখ ছাড়া হয় মানুষ’, ‘বুলবুলি নীরব নার্গিস বনে’, ‘একটা গান লিখো আমার জন্য’, ‘অলিরও কথা শুনে বকুল হাসে’, ‘হয়তো কিছুই নাহি পাবো’, ‘আবার হবেতো দেখা’, ‘তুমি কী এমনই করে থাকবে দূরে’, ‘এই পৃথিবীর পরে’, ‘পথও চলিতে’। শাপলা পাল বলেন, ‘এর আগে ২০১৭ সালে একই আয়োজনে গান গাওয়ার প্রথম সুযোগ হয়েছিল। আট বছর পর আবারো একই আয়োজনে গান গাওয়ার সুযোগ হলো। চেষ্টা করেছি নির্বাচিত গানগুলো মন দিয়ে গাওয়ার। যারা যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন এই আয়োজনে তারাও ভীষণ সহযোগিতা করেছেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা। মাছরাঙা টিভি কর্তৃপক্ষের প্রতি ভীষণ কৃতজ্ঞতা আমার মতো অতি সাধারণ একজন শিল্পীকে আবারো এত বছর পর গান গাওয়ার সুযোগ করে দেয়ার জন্য। কারণ মাছরাঙার রাঙা সকালের এই আয়োজনটি বেশ জনপ্রিয়। আশা করছি এই আয়োজনে আমার পর্বটি প্রচারের পর আমি বেশ সাড়া পাবো।’ এদিকে এরই মধ্যে নতুন বছরের প্রথম মাষে বেশ কয়েকটি স্টেজ শোতে গান গেয়েছেন শাপলা পাল। আজ তিনি গাজীপুরের পুলিশ লাইনের একটি শোতে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান। কিছুদিন আগে তারই ইউটিউব চ্যানেলে বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘আমার মতো এত সুখী নয়তো কারো জীবন’ গানটি কাভার সং হিসেবে প্রকাশ পায়। এ ছাড়াও তার কণ্ঠে মৌলিক গান ‘শিশির ভেজা পায়ে’ প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই। গানটি লিখেছেন তারেক আনন্দ, সুর করেছেন খায়রুল ওয়াসী, সঙ্গীতায়োজন করেছে সাউন্ডহ্যাকার।