রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশী পিস্তল, ওয়াকিটকি, পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফ ও একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দিকে বনানী থানাধীন ব্লক-এ, রোড নং-৪-এর খায়ের প্যালেসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের প্রায় ৪৫ জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি দল এই অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতার অপরাধীরা হলেন— মো: মাসুদ রানা (২৯), মো: রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) এবং মো: বাদল (৪২)।

অভিযান শেষে গ্রেফতারদের হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতার এই চক্রটি কোনো বড় সংঘবদ্ধ অপরাধী চক্রের সাথে জড়িত কি না, উদ্ধার পিস্তলের মূল উৎস এবং তারা পূর্বে ঢাকার কোথাও কোনো অপরাধে সম্পৃক্ত ছিল কি না—তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ। পাশাপাশি, এই চক্রের সাথে জড়িত পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।