বিএমইউতে ‘এসসিএ’ প্রশ্ন ব্যাংকের উদ্বোধন
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) উচ্চতর চিকিৎসা শিক্ষার গুণগত মানোন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ‘স্ট্রাকচার্ড কিনিক্যাল অ্যাসেসমেন্ট (এসসিএ) প্রশ্ন ব্যাংক’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা: মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএমইউ ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা: মো: জিল্লুর রহমানের কাছে পাঁচ হাজার ১৮০টি প্রশ্ন ও উত্তর সংবলিত এসসিএ ব্যাংকের নথিপত্র হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয়ের ৫১৮ জন ফ্যাকাল্টি মেম্বার নিবিড় প্রচেষ্টায় মেডিসিন, সার্জারি, শিশু, ডেন্টিস্ট্রি, বেসিক সায়েন্স ও প্যারাকিনিক্যাল সায়েন্স অনুষদের এই বিশাল প্রশ্ন ভাণ্ডার তৈরি করেছেন। বিএমইউর শিক্ষাকার্যক্রমে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ‘বর্তমান প্রশাসন উচ্চতর মেডিক্যাল শিক্ষার মানোন্নয়নে রেসিডেন্সি প্রোগ্রামকে ঢেলে সাজানোসহ নানা কার্যকর উদ্যোগ নিয়েছে। এই এসসিএ প্রশ্নব্যাংক দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ও মানসম্পন্ন শিক্ষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একক পরীক্ষাভিত্তিক মূল্যায়নের পরিবর্তে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও আচরণ ধারাবাহিকভাবে মূল্যায়নের লক্ষ্যেই এই পদ্ধতির উন্নয়ন করা হয়েছে।’ তিনি আরো বলেন, বিশ্বমানের চিকিৎসা শিক্ষার সাথে তাল মিলিয়ে বিএমইউ গবেষণা ও শিক্ষাকার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ডা: নুরুন্নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, কোর্স ডাইরেক্টর ও বিভাগীয় চেয়ারম্যানরা মুক্ত আলোচনায় অংশ নেন। বক্তারা এই উদ্যোগকে বাংলাদেশের উচ্চতর চিকিৎসাশিক্ষায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন। বিজ্ঞপ্তি।