ধামরাইয়ে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে রিনা সরকার (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রিনা সরকার ধামরাই পৌরশহরের পূর্ব কায়েতপাড়া এলাকার জিতেন্দ্র সরকারের স্ত্রী। জিতেন্দ্র সরকার পৌরশহরের একটি প্রিন্টার কারখানায় চাকরি করেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকাল বেলা উপজেলা পরিষদের পুকুরের পাশ দিয়ে হাঁটতে বের হয় রিনা সরকার। বেলা ১০টায় তার মৃতদেহ পুকুরে ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ছেলে অজয় সরকার জানান, সকাল বাবা অফিসে যান। মা সকাল বেলা আমাকে ঘরে রেখে হাঁটতে বের হন। পরে আমি ঘুম থেকে জেগে দেখি বাহির থেকে দরজা লাগানো ছিল। মা প্রতিদিন আমাকে ঘরে এভাবে রেখে হাঁটতে যায়। আমার মার পেশার ও ডায়াবেটিস ছিল। তাই প্রতিদিন হাঁটতেন।

এ বিষয়ে ধামরাই ফার্য়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, সকাল বেলা উপজেলা পরিষদ থেকে খবর পায় একজন মহিলা পানিতে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মহিলাকে উদ্ধার করে দেখি তিনি মারা গেছে। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করি।

এ বিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, সকাল বেলা উপজেলা পরিষদের মন্দিরে পূজা করে পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।