এমিলের সুরে নাটকের গানে ইয়াসমিন লাবণ্য
Printed Edition
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, দর্শকপ্রিয় নৃত্যশিল্পী ও নন্দিত উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্যের ইংরেজি নতুন বছরের ব্যস্ততা শুরু হলো গানে গানে ও উপস্থাপনার মধ্য দিয়ে। তিনি একাধারে বাংলাদেশ বেতারে উপস্থাপনা করেন, সঙ্গীত পরিবেশন করেন ও বিটিভিতেও। মাছরাঙ্গা টিভির নিয়মিত উপস্থাপিকা তিনি। যে কারণে অন্য চ্যানেলে উপস্থাপনা করার তেমন কোনো সুযোগ নেই তার। তবে লাবণ্য সবসময়ই গানকে প্রাধান্য দিয়ে থাকেন। যে কারণে তাকে গান গাইতেই বেশি দেখা যায় উপস্থাপনার চেয়ে। গত বৃহস্পতিবার লাবণ্য মারুফ হোসেন সজীব পরিচালিত ‘খোয়াব’ নাটকের ‘এই হৃদয় ছুঁয়ে যাও’ শিরোনামের একটি গান গাইলেন। গানটি লিখেছেন জয়ন্ত কর্মকার, সুর সঙ্গীত করেছেন এই প্রজন্মের মেধাবী সুরকার, সঙ্গীত পরিচালক আপেল মাহমুদ এমিল। গানটিতে লাবণ্যের সহশিল্পী প্রান্ত। চলতি বছরে যথারীতি লাবণ্য বিটিভিতে যেমন নতুন গান গেয়েছেন ঠিক তেমনি বেতারেও নতুন গান গেয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ বেতারে প্রচারের জন্য একটি নতুন গান করা হয়েছে। এটিকে বলা হয়ে থাকে নির্বাচনী গান। গানটি লিখেছেন মোহসীন আহমেদ। সঙ্গীত পরিচালনা করেছেন রফিক আজিজ। গানটিতে লাবণ্যের সাথে আরো কণ্ঠ দিয়েছেন মুহিন, স্মরণ ও মোমিন। এদিকে বাংলাদেশ টেলিভিশনে দেশের গানের অনুষ্ঠান ‘আমার দেশ আমার অহঙ্কার’ অনুষ্ঠানেও গান গেয়েছেন লাবণ্য। সঙ্গীত পরিচালনায় ছিলেন আশরাফ বাবু। এছাড়াও এরই মধ্যে বেতারের নজরুল সঙ্গীতের অনুষ্ঠান দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেছেন ইয়াসমিন লাবণ্য। বাংলাদেশ বেতারে লাবণ্যের উপস্থাপনায় নিয়মিত প্রচার হয় সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফোনি’। এই বছর এরই মধ্যে দু’টি পর্বে তিনি পেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা ও এসডি রুবেলকে। এর পাশাপাশি আছে যথারীতি শিল্পকলা একাডেমিতে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে তার ব্যস্ততা। ইয়াসমিন লাবণ্য বলেন, নতুন বছরটা সব মিলিয়ে বেশ ভালোভাবেই শুরু হলো। দেশের গান গাওয়া, নজরুল সঙ্গীত গাওয়া, উপস্থাপনা মাছরাঙ্গা টিভিতে এবং বেতারে, সব মিলিয়ে বছরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ বেশ ব্যস্ততার মধ্যদিয়েই কেটেছে। এরই মধ্যে এমিল ভাইয়ের সুর সঙ্গীতে খোয়াব নাটকে একটি চমৎকার গানও গেয়েছি।