জাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ‘ঢাবি শিক্ষার্থী’ আটক, ১৫ দিনের কারাদণ্ড

Printed Edition

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। এতে ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষা প্রার্থী উভয়কেই ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।

সোমবার ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় প্রক্সির ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম মো: ইহমানুল হক জিসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের উর্দু বিভাগের শিক্ষার্থী ও শহীদ জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাবার নাম মো: দেলোয়ার হোসেন ও মাতা এমিলি বেগম। তার গ্রামের বাড়ি আশোকোলা, বগুড়া। জিসান প্রক্সি দিতে আসে রাফি হোসেন সাজিত নামে এক ভর্তি ইচ্ছুকের পরিবর্তে। তার বাবার নাম রাজু হোসেন, মাতার নাম রতœা বেগম। তার গ্রামের বাড়ি পলাশপাড়া, গাইবান্ধা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ভর্তি ইচ্ছুকের ছবি পরিবর্তন করে তার পরবর্তী অন্য আরেকজন ভর্তি পরীক্ষায় অংশ নিলে পরীক্ষা পরিদর্শক তা শনাক্ত করেন। পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরীক্ষায় প্রক্সির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ব্লক করে দেয়া হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।