মহাসড়কে চলন্ত বাসে গণধর্ষণ গ্রেফতার ৩
Printed Edition
টাঙ্গাইল প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- বাসের চালক মো: আলতাফ (২৫), হেলপার মো: সাগর (২৪) ও চালকের সহযোগী মো: রাব্বি (২১)।
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো: শরীফ বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের অনিয়মিত এক ছাত্রী ঢাকার রেডিওকলোনী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন দু’জন যাত্রী ছিলেন। পথে এক যাত্রী নেমে যান। পরে বাসে থাকা ওই নারীকে গণধর্ষণ এবং তার সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। বাসটি বিভিন্ন জায়গায় ঘুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকায় এলে হাইওয়ে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ বাসের চালক, হেলপার ও ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা জানাজানি হয়। তখন পুলিশ নারীকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করে।
টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন বলেন, হাইওয়ে পুলিশ ভিকটিম ও আসামিদেরকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে মামলা করেছেন।
উল্লেখ্য, গত বছরের ২০ মে রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিরও ঘটনা ঘটেছিল।