নৌবাহিনীর অভিযানে টেকনাফে অস্ত্র গোলা ও ইয়াবা উদ্ধার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় অভিযান চালায়। এ সময় তার ঘর তল্লাশি করে দেশী-বিদেশী বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে তিনটি পিস্তল, ভিন্ন ভিন্ন মডেলের ৯ রাউন্ড লাইভ অ্যামুনিশন, চার রাউন্ড পিস্তল বল, দেশীয় অস্ত্র দু’টি এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।