খালেদা জিয়ার বহুবিদ জটিলতার কথা জানাল মেডিক্যাল বোর্ড

Printed Edition

বিশেষ সংবাদদাতা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহুবিদ জটিলতার কথা জানিয়েছে মেডিক্যাল বোর্ড।

গতকাল বোর্ডের পক্ষে এক বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন-ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা এবং বিআইপিএপি মেশিনের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেয়ার জন্য তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়।

গত ২৭ নভেম্বর তার একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে, যেগুলোর নিবিড় চিকিৎসা এখনো চলছে। শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তার ডায়ালাইসিস শুরু করা হয়। এখনো নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ‘ডিআইসি’র ফলস্বরূপ তাকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রানফিউশন দিতে হচ্ছে। সমস্ত চিকিৎসার পরও জ্বর না কমার কারণে এবং পাশাপাশি রেগুলার

ইকোতে কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় টিইই করা হয়। এরপর মেডিক্যাল বোর্ডের দেশী-বিদেশী চিকিৎসকদের পরামর্শক্রমে গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়।

মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে প্রফেসর ডা: শাহাবউদ্দিন তালুকদার বিবৃতিতে আরো জানান, দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার চিকিৎসা দিয়ে আসছেন। তিনি কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিক্যাল বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।