আরো ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দেশের আরো ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। এর আগে ১৫ মার্চ এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়ার তথ্য জানানো হয়েছিল। এ নিয়ে মোট ৫৬টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার। এত দিন জেলা প্রশাসকরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন- ঢাকায় মো: ইয়াছিন ফেরদৌস মোরাদ, গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, ফেনীতে অধ্যাপক এম এ খালেক, ফরিদপুরে মো: আফজাল হোসেন খান পলাশ, নীলফামারীতে মো: মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় মোহাম্মাদ জহুরুল ইসলাম, নড়াইলে মো: মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় মো: নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে মো: সিরাজুল হক, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জে আহমেদ আলী ও চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিম।

গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিদের দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশই বিএনপির জেলা পর্যায়ের নেতা বা দলটির রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন এমন প্রায় একডজন প্রার্থীকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় বিএনপি সরকার। এর পর ১৪ মার্চ আরো পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্তরা সবাই দলটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তারাই আবার স্থানীয় সরকারের এসব নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা যাচ্ছে।