খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
দেশের সব মসজিদে দোয়ার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ শুক্রবার সারা দেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা হতে পত্র জারি করা হয়েছে।
মন্ত্রণালয় হতে জারিকৃত পত্রে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তাঁর আশু রোগমুক্তি কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সব মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার আশু রোগমুক্তি কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সুবিধা মতো সময়ে সব মন্দির, প্যাগোডা ও গির্জায় নিজ নিজ ধর্মমতে প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় পদপে গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ এ দোয়া ও প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আজ শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত আয়োজনের জন্য মসজিদের খতিব-ইমাম ও মসজিদ কমিটিকে অনুরোধ করা হয়েছে।