চুয়েটে শুরু হচ্ছে স্থাপত্য বিভাগের দুই দিনের আন্তর্জাতিক কনফারেন্স
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্থাপত্য বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেলের যৌথ আয়োজনে আগামী ৪-৫ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘তৃতীয় আন্তর্জাতিক গ্রিন আর্কিটেকচার সম্মেলন ২০২৫’।
এই উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়েট স্থাপত্য বিভাগের জুরি কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের সচিব ও স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী। সম্মেলনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডসসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গবেষক ও স্থপতিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে দু’জন মূল বক্তা উপস্থিত থাকবেন। দুই দিনের এ সম্মেলনে মোট ১৬টি কারিগরি অধিবেশন, ৬টি পিএইচডি গবেষণা উপস্থাপনা, পোস্টার প্রদর্শনী, একটি আন্তর্জাতিক যৌথ পিএইচডি গবেষণা সেমিনার এবং পরিবেশবান্ধব স্থাপত্য বিষয়ে ৫টি সমান্তরাল কর্মশালা অনুষ্ঠিত হবে। জমাকৃত ১৫০টি গবেষণাপত্রের মধ্যে ৮০টির বেশি গবেষণাপত্র দুই দিনে উপস্থাপন করা হবে এবং ৪০টির বেশি পোস্টার প্রদর্শিত হবে। সম্মেলন উপলক্ষে স্থাপত্য বিভাগে দুই দিনব্যাপী স্থাপত্য প্রকল্প প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।
সম্মেলনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নিপ্পন পেইন্ট, বিএসআরএম, সেভেন রিংস সিমেন্ট, ডিবিএল, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল), স্টেলা-লাক্সারি স্যানিটারি ওয়্যার, টেকনো আর্ট সফটওয়্যার ও নেসলে।
আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টায় চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠান হবে। বিজ্ঞপ্তি।