বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইউট্যাবের শুভেচ্ছা

Printed Edition

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

গতকাল শনিবার এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এ শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির মতো বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বাংলাদেশে আগামীতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি আরো শক্তিশালী ভূমিকা পালন করবে। তারেক রহমানের হাত ধরেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে। জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন ভূমিকা এবং দেশপ্রেম সর্বজনবিদিত।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমান ইনশা আল্লাহ সফল হবেন। কারণ তার আছে বিরল এবং বিরাট অভিজ্ঞতা। তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী। পরিবার থেকেই রাজনীতির দীক্ষা নিয়েছেন তারেক রহমান। বিগত প্রায় দেড় যুগ তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত করেছেন। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

তারা আরো বলেন, দল ও দেশ পরিচালনায় তারেক রহমানের অভিজ্ঞতার ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। আমরা বিশ্বাস রাখতে চাই যে, স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত নতুন বাংলাদেশে তিনি তার অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিএনপিকে আরো সুসংহত করবেন। একই সাথে দলের নীতিনির্ধারকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেবেন। আমরা তারেক রহমানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।