রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধা ও মালিবাগে একটি রিহ্যাবে মারামারির ঘটনায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দিকে মতিঝিলে ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন ইডেন কলেজের এক শিক্ষার্থী।
যাত্রাবাড়ীর বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা পথচারী স্বপন আহমেদ জানান, গতকাল দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার দনিয়া কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন আনোয়ারা বেগম (৬৫)। তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ারা নারায়ণগঞ্জের বন্দর থানার আলীসর্দি এলাকার মরহুম নাজিম উদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এ দিকে মালিবাগে নিহত তানভীরের ভাই মো: মনিরুল ইসলাম বলেন, আমার ভাই রাশেদুল ইসলাম তানভীর (২৫) আগে নেশাগ্রস্ত ছিল। এ জন্য মালিবাগের একটি রিহ্যাবে ভর্তি করিয়ে দিই। জানতে পারি গতকাল রিহ্যাবের একটি ছেলের সাথে মারামারি করে আমার ভাই অসুস্থ হয়ে পড়ে। পরে আমরা ঢামেক হাসপাতালে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই। আমার ভাইকে রিহ্যাবের লোকজন পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার বিচার চাই। আমার ভাই চার মাস পরেই ওখান থেকে বেরিয়ে আসতো বলে তারা জানিয়েছিলেন।
অন্য দিকে আহত ইডেন কলেজের শিক্ষার্থী অর্পিতা মুখার্জি (২৪) জানান, শনিবার সকালে মতিঝিল মেট্রোস্টেশনের নিচ দিয়ে রিকশায় যাচ্ছিলেন। এ সময় সিএনজি চালিত অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে নিজেই সহপাঠীদের ফোনে খবর দেন। সহপাঠীরা প্রথমে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি। তিনি ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী এবং আজিমপুরে থাকেন।