নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

নাইন্দার হাওরে ফসল রক্ষা বাঁধ তদন্তে কমিটি গঠন

Printed Edition

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জের দোয়ারাবাজারের নাইন্দার হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে উঠা প্রশ্নের অনুসন্ধানে দুই সদস্যের কারিগরি তদন্ত কমিটি গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাউবো উপ-পরিচালক আব্দুস সোবহান স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, হাওরের বোরো ফসল আগাম বন্যা থেকে রক্ষায় বাঁধ মেরামতের প্রয়োজন আছে কি না, থাকলে বাঁধের এলাইনমেন্টসহ স্পষ্ট মতামত দিতে কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান প্রকৌশলীর মনিটরিং দফতরের নির্বাহী প্রকৌশলী এ কে এম মমিনুল ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন ডিজাইন সার্কেল-৯ এর উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ ফয়সাল আহসান।

আদেশে বলা হয়েছে, কমিটি সরেজমিন পরিদর্শন, মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সুবিধাভোগীদের সাথে আলোচনা শেষে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। ডুবন্ত বাঁধ মেরামতের প্রয়োজনীয়তা ও প্রস্তাবিত এলাইনমেন্ট স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

গত ২৩ নভেম্বর নয়া দিগন্তে প্রকাশিত রিপোর্টে অভিযোগ করা হয়- নাইন্দার হাওরের বেশির ভাগ বাঁধ অক্ষত থাকা সত্ত্বেও ‘সংস্কারের প্রয়োজন’ দেখিয়ে নতুন সার্ভে শুরু করেছে পাউবো। স্থানীয়দের দাবি, গত বছরও অক্ষত বাঁধকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে প্রায় দুই কোটি টাকার প্রকল্প ব্যয় দেখানো হয়েছিল। এ বছরও একই প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে বিস্ময় ও ক্ষোভ তৈরি হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি যাচাইয়ে নড়েচড়ে বসে পানি উন্নয়ন বোর্ড।