দিনশেষে আমিও একজন ক্রিকেটার : বুলবুল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গত মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে ক্রীড়াঙ্গনে যে বিতর্ক চলছে, দীর্ঘ দেড় মাস পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে সেই বিষয়ে প্রথমবার মুখ খুললেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সবশেষ টি-২০ বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে অংশগ্রহণ করেনি বাংলাদেশ দল। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই মেনে নিতে হয়েছে বিসিবিকে, এমনটি জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া আইসিসির সাথে বোর্ডের টানাপড়েন ও সাম্প্রতিক সঙ্কট নিয়েও কথা বলেছেন। সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, এ নিয়ে কিছু না বলি। তবে খুব চেষ্টা করেছি। দিন শেষে আমিও তো একজন ক্রিকেটার। আমারও তো ইচ্ছে ছিল। ফাহিম (নাজমুল আবেদিন) ভাইসহ সংশ্লিষ্টরা স্কোয়াডও ঠিক করেছিলেন, আমাদের সব প্রস্তুতিই ছিল। তবে সরকারের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে। বিশ্বকাপ না খেলা নিয়ে কোনো তদন্ত কমিটির সাথে কথা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি জানান, ওটার ব্যাপারে আমার ধারণা নেই, কিছু শুনিনি। পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি।

বর্তমানে বিসিবির সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। বুলবুল মনে করেন, ‘আমি কোথাও কোনো সঙ্কট দেখছি না। বোর্ড তার নিজস্ব নিয়মেই চলছে। জাতীয় দল খেলছে, নারী দল শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিচ্ছে।’