ভাবীকে ধর্ষণের পর হত্যা, দেবর আটক

Printed Edition

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে রাশিদা বেগম (৩৪) নামে দুই সন্তানের জননী এক বিধবাকে যৌন নির্যাতনের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের দেবর মফিজুল গাজী ওরফে মইদুলকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার রাতে এ নৃশংস ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এছেম আলী গাজীর মেঝ ছেলে মৃত এনামুল গাজীর বিধবা স্ত্রী রাশিদা বেগম প্রতিদিনের মতো তার মেয়ে তাসমিরা খাতুনকে (১৩) নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে ছিলেন তার শাশুড়ি এবং নিকটবর্তী ঘরে ভাসুর-ভাবী ও তাদের সন্তানরা। রাতের কোনো এক সময় কৌশলে রাশিদাকে ঘর থেকে ডেকে বের করা হয়। পরে তাকে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করে বাড়ির সামনের একটি লিচু গাছে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে রাশিদাকে হত্যার আগে নির্যাতন করা হয়েছে এবং এতে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।