জালে ঢাকা সড়ক
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
রাশিয়ার ড্রোন হামলা থেকে বাঁচতে চার হাজার কিলোমিটার সড়ক জালে ঢেকে ফেলার লক্ষ্য নির্ধারণ করছে ইউক্রেন। যেসব এলাকায় সরাসরি যুদ্ধ চলছে, সেখানকার সড়ক গুলোতে ড্রোনরোধী জাল বসানোর কাজ আরো জোরদার করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এ কাজ শেষ করতে চায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ এ তথ্য জানান। ইউক্রেনের ভেতরে সামরিক রসদ সরবরাহের পথ ও ঘাঁটিগুলোতে ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে রাশিয়া।
ফেদোরভ জানান, গত এক বছরে উল্লেখযোগ্য পরিমাণ জাল স্থাপন করা হয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে এটি আরো বাড়ানো প্রয়োজন। রুশ ড্রোন মোকাবেলায় এবং সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে ইউক্রেনের বাজেটে প্রায় ৩ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ দেয়া হয়েছে।
মূলত এই জালগুলো ড্রোনের প্রপেলার বা পাখা আটকে দেয়। ফলে ড্রোনগুলো মূল্যবান সামরিক সরঞ্জাম, সেনাসদস্য বা বেসামরিক লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই অকার্যকর হয়ে পড়ে।
টেলিগ্রাম অ্যাপে দেয়া এক বার্তায় ফেদোরভ বলেন, জানুয়ারি মাসে আমরা দৈনিক ৫ কিলোমিটার করে কাজ করছিলাম, ফেব্রুয়ারিতে তা বাড়িয়ে ১২ কিলোমিটারে উন্নীত করেছি। এতে সামরিক যাতায়াতব্যবস্থা আরো নিরাপদ হয়েছে এবং সম্মুখসারির এলাকাগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হচ্ছে। ফেদোরভ বলেন, মার্চ মাস থেকে আমরা প্রতিদিন ২০ কিলোমিটার করে রাস্তা জালের আওতায় আনার পরিকল্পনা করছি। বছর শেষে আমাদের লক্ষ্য চার হাজার কিলোমিটার অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করা।