মিরপুরে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নারীসহ নিহত ২

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত ‘এলএ প্লাজা’ নামের একটি ১১তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ভবনের তিনতলায় থাকা একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সদর দফতর সূত্রে জানা গেছে, বেলা ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মিরপুর স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরো দু’টি ইউনিট যোগ দিয়ে সম্মিলিত প্রচেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

মিরপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ জানান, আগুন লাগার পর আতঙ্কিত হয়ে ভবনের ভেতরে থাকা অনেকে ছাদে আশ্রয় নেন এবং কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

তবে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে এক নারী ও এক পুরুষকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মিরপুর থানার এসআই আহসান সোহেল জানান, হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে রাকিব হাসান নামে এক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেলেও মৃত নারীর পরিচয় এখনো জানা যায়নি।

প্রাথমিক তদন্ত শেষে ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের তিনতলার স্পা সেন্টারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।