যুক্তরাষ্ট্রকে খনিজ ও ঘাঁটি ব্যবহারের প্রস্তাব সোমালিল্যান্ডের
Printed Edition
আলজাজিরা
সোমালিল্যান্ড যুক্তরাষ্ট্রকে তাদের খনিজসম্পদ ও সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ মন্ত্রী। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই ঘোষণা দেয়া হয়েছে। শনিবার এএফপি-কে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্সি মন্ত্রী খদর হুসেইন আবদি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের খনিজসম্পদের একচেটিয়া প্রবেশাধিকার দিতে প্রস্তুত। পাশাপাশি সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগও দিতে আগ্রহী।’ তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।’
গত ডিসেম্বর ইসরাইলই একমাত্র দেশ হিসেবে সোমালিল্যান্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হওয়ার পর থেকেই এ স্বীকৃতি পাওয়ার চেষ্টা চালিয়ে আসছে অঞ্চলটি। সোমালিয়ার উত্তরাঞ্চল গৃহযুদ্ধের সময় বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিনের শাসক সিয়াদ বারির বাহিনী উত্তরাঞ্চল ধ্বংস করে দিলে দেশজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। তবে ১৯৯০-এর দশকের শেষ দিকে সোমালিল্যান্ড স্থিতিশীলতা ফিরে পায়। যুক্তরাষ্ট্র এখনো সোমালিল্যান্ডের বিষয়ে বড় কোনো নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। তবে গত আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে সোমালিল্যান্ড প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইঙ্গিত দেন, তিনি বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে পারেন।
সোমালিয়া ইসরাইলের স্বীকৃতিকে তাদের ভূখণ্ডগত অখণ্ডতার ওপর আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে। আফ্রিকার বেশির ভাগ দেশ ও আরব নেতারা এ অবস্থানকে সমর্থন করেছেন। সোমালিয়া ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। অন্য দিকে সোমালিল্যান্ডের নেতা আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি (সিরো) ইসরাইলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি নেতানিয়াহুকে ‘অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব ও প্রতিশ্রতির জন্য’ প্রশংসা করেছেন।