খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি-জামায়াতের দোয়া
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া দোয়া ও মিলাদ মাহফিল করেছে ছাত্রদল ও যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে এসব কর্মসূচিতে দেশনেত্রীর জন্য বিশেষ মুনাজাত করা হয়। এ ছাড়া বাদ জুমা প্রত্যেক মসজিদে দোয়া ও মুনাজাত করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের গণ্ডি ছাড়িয়ে সারা দেশের নেত্রী হিসেবে এখন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কখনো কারো সাথে আপস করেননি। দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন। গতকাল বিকেলে নিজ নির্বাচনী এলাকা মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশ ও জনগণের কল্যানে ভেদাভেদ ভুলে সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে।
ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়ন বোর্ড অফিস চত্বরে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। তিনি বলেন, দেশের এই সঙ্কট সময়ে আপসহীন নেতৃত্ব বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অপরিহার্য। সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা বিএনপির নেতা কালাম মুন্সী।
নড়াইল প্রতিনিধি জানান, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি হবখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে স্থানীয় স্কুল মাঠে দোয়া ও তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ বলেন, শত নির্যাতনের মাঝেও বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপস করেননি।
নওগাঁ প্রতিনিধি জানান, সাপাহারে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী নন, তিনি তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রায় ১২ শত শিক্ষার্থীসহ শতাধিক মানুষ এতে অংশ নেন।
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা জানান, উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া অনুষ্ঠানে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী বলেন, দেশ ও গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন।
লংগদু (রাঙামাটি) সংবাদদাতা জানান, মাইনীমুখ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের সার্বিক সহযোগিতায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, উপজেলা যুবদলের উদ্যোগে রাণীনগর বাজার মাদরাসা ও জামে মসজিদে দোয়া মাহফিলে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সব কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
গাবতলী (বগুড়া) সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় নশিপুরে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বগুড়ার গাবতলী নশিপুরে ইউনিয়ন যুবদলের আয়োজনে বাদ জুমা নশিপুর এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, শাহিন সরকার, হায়দার আলী, মতিয়ার রহমান, রন্জু মিয়া, নশিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুবদল নেতা সাইফুল ইসলাম, আবু জাফর, আপেল মাহমুদ, রফিকুল ইসলাম নান্টু, শফিকুল ইসলাম, বাদশা মিয়া, রাশেদুল ইসলাম, জাহিদ হাসান, ফরহাদ আহমেদ, মিল্লাত হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা জিন্নাত আলী, রাঙ্গা মিয়া, এনামুল হক, নশিপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, গাবতলী উপজেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক জনি আহম্মেদ, ছাত্রদল নেতা দৌলত জামান, তোহা আহমদ, সুমন মিয়া, মিনহাজুল ইসলাম, মেহেদী হাসান, কোকো পরিষদের মামুন, তোহা মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নানা পর্যায়ের নেতারা।