রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমেই অর্জিত হয়েছে স্বাধীনতা : ডিএসসিসি প্রশাসক
Printed Edition
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো দয়া বা আলোচনার দান নয়; এটি অর্জিত হয়েছে এক দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। তাই স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।
বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডস্থ ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মৃতিচারণ করতে গিয়ে প্রশাসক বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসে বিরল। রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে সেদিন নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ছাত্রাবস্থায় আমরা সীমিত সম্পদ নিয়েই প্রতিরোধের প্রস্তুতি নিয়েছিলাম। ২৫ মার্চের সেই বীভৎসতা দেখার পরই শপথ নিয়েছিলাম- দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই থামবে না।
নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম বলেন, আমরা দেশ স্বাধীন করেছি, আর এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব তোমাদের। মেধা পাচার বন্ধ করে তরুণদের দেশেই কাজ করতে হবে। মেধা ও সততার সমন্বয় ঘটলে বাংলাদেশ আরো দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধের সব সংগঠককে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। আলোচনা সভা শেষে প্রশাসক ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।