ফুলছড়িতে ভিজিএফ বরাদ্দে কাটছাঁট বঞ্চিত ১৫ হাজার পরিবার
Printed Edition
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
নদীভাঙনপ্রবণ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল বরাদ্দ অর্ধেকেরও বেশি কমেছে। এতে প্রায় ১৫ হাজার পরিবার সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ঈদুল আজহায় সাতটি ইউনিয়নে ২৬৬ দশমিক ৪১০ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল। তখন ২৬ হাজার ৬৪১টি পরিবার ১০ কেজি করে চাল পেয়েছিল। এবার বরাদ্দ এসেছে ১১১ দশমিক ১০০ মেট্রিক টন, যা দিয়ে মাত্র ১১ হাজার ১১০টি পরিবারকে সহায়তা দেয়া যাবে। অর্থাৎ গতবারের তুলনায় ১৫ হাজার ৫৩১টি পরিবার কম সহায়তা পাবে। ইউনিয়নভিত্তিক চিত্রেও বড় কাটছাঁট করা হয়েছে। কঞ্চিপাড়া ইউনিয়নে গতবার ৪ হাজার ৩৬৩টি পরিবার সহায়তা পেলেও এবার পেয়েছে ১ হাজার ৩৮৩টি। উড়িয়ায় ২ হাজার ৭৫২টির স্থলে ৯৯২টি, উদাখালীতে ৪ হাজার ৭৮টির স্থলে ১ হাজার ২২১টি, গজারিয়ায় ৩ হাজার ১১৯টির স্থলে ১ হাজার ১৫৯টি পরিবার বরাদ্দ পেয়েছে। অন্যান্য ইউনিয়নেও একই প্রবণতা দেখা গেছে।
ব্রহ্মপুত্র নদের ভাঙনে প্রতি বছর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়লেও বরাদ্দ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। উড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সীমিত কার্ড দিয়ে প্রকৃত দরিদ্রদের বাছাই করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আব্দুল হাদী বলেন, কেন্দ্রীয়ভাবে জনসংখ্যা ও দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় বরাদ্দ নির্ধারণ করা হয়। স্থানীয়ভাবে কিছু করার সুযোগ নেই।