দক্ষিণ আফ্রিকায় পানশালায় গুলিবর্ষণ : নিহত ৯
Printed Edition
আলজাজিরা
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে এক শহরের একটি পানশালায় সশস্ত্র ব্যক্তিদের গুলিতে অন্তত ৯ জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন, জানিয়েছে পুলিশ। গতকাল রোববার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১টার ঠিক আগে ছোট শহর বেকার্সডালে ঘটনাটি ঘটে। গুলিবর্ষণের সাথে যারা জড়িত তাদের ধরতে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, ‘সাদা রঙের একটি মাইক্রোবাস ও রূপালি রঙের একটি সেডান গাড়ি দিয়ে অজ্ঞাত প্রায় ১২ জন সন্দেহভাজন এসে পানশালার খদ্দেরদের লক্ষ্য করে গুলি ছোড়ে আর তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সময়ও নির্বিচার গুলিবর্ষণ করতে থাকে বলে জানা গেছে। পানশালাটি নিবন্ধিত।’
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এসএবিসি জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা পানশালার খদ্দের ও বাইরে রাস্তায় থাকা লোকজনের ওপর গুলি ছোড়ে।