সিএমপি ও বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি
চাপাতির রাজনীতিকে লাল কার্ড দেখাবে ছাত্রসমাজ : ডাকসু ভিপি
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, যারা আবার চাপাতি দিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার রাজনীতি করতে চায় তাদের ছাত্রসমাজ লাল কার্ড দেখাবে। তারা প্রকাশ্যে রাজনীতি বলতে চাপাতি দিয়ে কোপানোকে বোঝে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে সকালে নগরীর পার্ক ভিউ হসপিটালে চিকিৎসাধীন আহতদের দেখতে আসেন ডাকসু ভিপি।
গত বুধবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে চাপাতির কোপে আশরাফুল ইসলাম নামে শিবিরের এক নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ছাত্রদল।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গুপ্ত লেখার জন্য সংঘর্ষ হয়নি; বরং সেই গুপ্ত লেখাকে এনজয় করে সিটি কলেজের শিবির পোস্ট দিয়েছে। আমরা বরং তাদের মতামতকে স্বাগত জানিয়েছি; কিন্তু তারা এটিকে ইস্যু করে আমাদের ওপর হামলা করেছে। বহিরাগত নিয়ে রামদা-চাপাতি দিয়ে কোপানো হয়েছে। পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। তারা প্রকাশ্যে রাজনীতি বলতে চাপাতি দিয়ে কোপানোকে বোঝে।
তিনি বলেন, প্রকাশ্যে রাজনীতির মানে আপনি ক্যাম্পাসে চাপাতি নিয়ে ঘুরবেন, রামদা নিয়ে ঘুরবেন হকি স্টিক নিয়ে ঘুরবেন সেটিকে বোঝেন। শিার্থীদের ওপর হামলা করে দায়মুক্তি পাবেন, এটি কিন্তু হবে না। ছাত্রলীগ এই ধরনের হেলমেট পড়ে, চাপাতি নিয়ে রাজনীতি করেছিল; কিন্তু তারা রেহাই পায়নি।
সাদিক কায়েম বলেন, আমরা সিএমপি কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি দিয়েছি। তারা এই বিষয়ে জিরো টলারেন্স বলেছেন।
গোড়ালি বিচ্ছিন্ন শিবির নেতার অবস্থার অবনতি
এ দিকে ধারালো চাপাতির কোপে পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়া শিবির নেতা আশরাফুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার সন্ধ্যায় এই রিপোর্ট লেখার সময় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন আশরাফুল ইসলামের পায়ের অবস্থা অত্যন্ত গুরুতর। চট্টগ্রামে এর প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। এখানে থাকলে আহতের অবস্থা ক্রমেই অবনতির দিকে যাবে। চিকিৎসকদের পরামর্শেই তাকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
আহতদের দেখতে গেলেন জামায়াত নেতারা
সিটি কলেজে হামলায় আহতদেরকে হাসপাতালে দেখতে যান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। গতকাল বিকেলে তিনি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক খোঁজখবর নেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিকনেতা মকবুল আহমদ ভূঁইয়া প্রমুখ।