উত্তর-পূর্বাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

Printed Edition

সিলেট ব্যুরো

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে বৃষ্টিবহুল আবহাওয়া তৈরি হয়েছে, যার জেরে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীতে দ্রুত পানি বৃদ্ধি পেতে পারে। আগামী এক সপ্তাহে সিলেট ও সুনামগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এতে সুরমা-কুশিয়ারা অববাহিকার নদীগুলোর পানি দ্রুত বেড়ে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই এবং কোথাও পানি উঠলেও তা দীর্ঘস্থায়ী হবে না।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ সাত দিনের পূর্বাভাস অনুযায়ী, ১৫ থেকে ২১ জুনের মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী উজান এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টি হতে পারে, যা কোথাও কোথাও ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সিলেট অঞ্চলের নদীগুলো মূলত ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি ঢলনির্ভর হওয়ায় সীমান্তের ওপারে ভারী বৃষ্টি হলে তার প্রভাব দ্রুত সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন ও যাদুকাটা নদীতে পড়তে শুরু করে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আগামী কয়েক দিনে বৃষ্টিপাত বাড়লে সিলেট ও সুনামগঞ্জের কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে, তবে দীর্ঘমেয়াদি বা বড় ধরনের ঝুঁঁকির তথ্য এখন পর্যন্ত নেই।