ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেললাইন কলাগাছ ও বালুর বস্তা দিয়ে অদ্ভুত মেরামত
Printed Edition
মো: সাজ্জাতুল ইসলাম ময়মনসিংহ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেলপথে সংস্কারের নামে কলাগাছ ও বালুর বস্তা ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে রেললাইন ঠেসে রাখার অভিযোগ উঠেছে। এতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লি ইউনিয়নের শুভখিলা এলাকায় ভৈরব-ময়মনসিংহ ৭৫ কিলোমিটার রেললাইনের একটি অংশে সম্প্রতি এ দৃশ্য দেখা যায়। সরেজমিন দেখা গেছে, রেললাইনের নিচের মাটি ও পাথর সরে যাওয়ায় সৃষ্ট ঝুঁকি সামাল দিতে লোহার লাইনের নিচে কলাগাছ ও কাঠের খুঁটি ঠেসে রাখা হয়েছে। পাশাপাশি প্লাস্টিকের বস্তায় বালু দিয়ে অস্থায়ীভাবে লাইনের ভার সামলানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই অংশ দিয়ে ট্রেন চলাচলের সময় দীর্ঘদিন ধরেই বিকট শব্দ হয় এবং বগিগুলো দুলে ওঠে। এতে যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী সংস্কারের বদলে এমন অস্থায়ী ও অস্বাভাবিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ তাদের।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘ট্রেন আসার সময় ভয় লাগে। মনে হয় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। রেললাইনের মতো গুরুত্বপূর্ণ স্থানে কলাগাছ দিয়ে ঠেস দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এলাকাবাসীর দাবি, এটি প্রকৃত সংস্কার নয়, বরং দায়িত্বহীন জোড়াতালি। কলাগাছ বা বালুর বস্তা কত দিন রেললাইনের ভার বহন করবে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের আশঙ্কা, এ ধরনের নিম্নমানের অস্থায়ী ব্যবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘রেললাইন সংস্কারে এ ধরনের পদ্ধতির কোনো বিধান নেই। বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
তবে স্থানীয়দের প্রশ্ন, স্থায়ী ও টেকসই সংস্কার না হওয়া পর্যন্ত এই ঝুঁকিপূর্ণ পথে ট্রেন চলাচল অব্যাহত থাকলে যাত্রীদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা।