দেশ আবারো ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে : এ টি এম মাসুম
Printed Edition
নারায়ণগঞ্জ প্রতিনিধি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম বর্তমান শিক্ষাব্যবস্থা ও সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘বর্তমানে শিক্ষাব্যবস্থার খুব খারাপ অবস্থা আমরা লক্ষ্য করছি। মোবাইল ও ইন্টারনেটে আসক্ত করে ছাত্রদের ধ্বংসের মুখে ঠেলে দেয়া হচ্ছে। অন্য দিকে চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেই। দেশ যেন আবারো আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘যে জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন দেশ পেয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। এই দেশ তিতুমীর ও অলি-আউলিয়াদের দেশ। মুসলমানদের এই দেশকে রক্ষা করার জন্য আমাদের অঙ্গীকার করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, মহানগরী নায়েবে আমির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম।
মহানগরী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন। মহানগরীর কর্মপরিষদ সদস্যরা, পেশাজীবী নেতাদের মধ্যে ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়া, ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা: আলী আশরাফ খান এবং মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতারা উপস্থিত ছিলেন।