ওসমান হাদিকে গুলি

বিভিন্ন সংগঠনের প্রতিবাদ-বিক্ষোভ

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। এ ছাড়া নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর ব্যুরো জানায়, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসের মিডিয়া চত্বর থেকে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে সমাবেশ করে।

বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসমন্বয়ক আহমেদুল আলবির জাহিদ হোসেন জয়, শামসুর রহমান সুমন, আশিকুর রহমান, রহমত আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। অবিলম্বে হামলাকারী এবং গুলিকারীদের গ্রেফতার করা না হলে রাজপথে নেমে আসবে বাংলার ছাত্র-জনতা। পরে তার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

রাজশাহীতে বিক্ষোভ মিছিল

রাজশাহী ব্যুরো জানায়, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজলা গেট হয়ে তালাইমারী মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ‘ওসমান হাদির ওপর হামলাকারীদের হুঁশিয়ার করে বলতে চাই তোমাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। ইন্টেরিম সরকারকে বলছি, দ্রুত ব্যবস্থা নিতে হবে, নয়তো আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।’ সমাবেশ শেষে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনায় মুনাজাত করা হয়।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন রাকসুর ভিপি ও রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফায়সালসহ অন্য নেতাকর্মীরা।

ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ

ঝালকাঠি থেকে প্রতিনিধি জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকা অবরোধ করে ছাত্র-জনতা। শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়। আন্দোলনরত ছাত্র-জনতা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার না করা হলে শনিবার বিকেল থেকে পুরো ঝালকাঠি ব্লকেড কর্মসূচি দেয়া হবে। পরে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর অবরোধকারীদের তৎপরতার বিষয়ে আশ্বস্ত করলে শুক্রবার বিকেলে অবরোধ স্থগিত করে আন্দোলনকারীরা। অবরোধ কর্মসূচিতে বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, সদস্য সচিব রাইয়ান বিন কামাল, গণ অধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-০২ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগরসহ অন্যান্য নেতা। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্ত কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। প্রসঙ্গত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা।

ময়মনসিংহে বিক্ষোভ

ময়মনসিংহ অফিস জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ব্যানারে এনসিপি ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা টাউন হল মোড়ে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের টাউন হলে এসে শেষ হয়। এ সময় ইনকিলাব মঞ্চ, এনসিপি ও অন্যান্য সংগঠনের নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদির ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নেতারা রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তাসহ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার দাবি জানান। এ ছাড়াও সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানানো হয়।

খেলাফত মজলিসের নিন্দা

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

গতকাল এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, তফসিল ঘোষণার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতির ঘটনায় দেশবাসী আজ উদ্বিগ্ন। শরিফ ওসমান হাদিকে যে অপশক্তি হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তারা নির্বাচন বানচাল করতে চায়। জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দমিয়ে রাখতে চায়। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সন্ত্রাসীদের দ্রুততার সাথে গ্রেফতার ও তাদের নির্দেশদাতাদের সব চক্রান্ত নস্যাৎ করে দিতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। মুমূর্ষু শরিফ ওসমান হাদির উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

মুসলিম লীগের তীব্র ক্ষোভ

ঢাকা-৮ আসনের তরুণ সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী। এই ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, এই ঘটনার সাথে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নেতারা বলেন, ওসমান হাদির সুচিকিৎসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে মুনাজাত করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে শীঘ্রই ফিরে আসেন।