গাজর কেন খাবে : নিকো হক
Printed Edition
তোমরা নিশ্চয়ই ‘গাজর’ চেনো। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ; মূলজ সবজিও বটে। এর মূলের রঙ হলুদ বা কমলা হয়।
গাজর শীতের গুণসম্পন্ন একটি সবজি। তবে, আজকাল এটি সারা বছরই পাওয়া যায়। এর আদি নিবাস কোথায়? দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং ইউরোপ। চীনে বিশে^র প্রায় অর্ধেক গাজর চাষ হয়।
মানুষ খাদ্য হিসেবে গাজরের মূল ও পাতা গ্রহণ করে। এ সবজি কাঁচা বা রান্না করে খাওয়া হয় ।
বিভিন্ন প্রকার খাদ্য তৈরিতে গাজর ব্যবহার করা হয়; সালাদ তৈরি করতে এর জুড়ি মেলা ভার।
গাজর খুবই পুষ্টিকর ও উপকারী। এতে রয়েছে আমিষ, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ভিটামিন ‘এ’, লোহা, ফসফরাস, ফ্যাট, পটাশিয়াম, নিকোটিনিক অ্যাসিড, থায়ামিন ও আঁশ। গাজর শরীরের রঙ উজ্জ্বল করে আর বাড়ায় মুখের সৌন্দর্য। এতে শরীরের ওজনও বাড়ে।
গাজরের ঔষধি গুণ : গাজরের বীজ ও মূল ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে বিটাক্যারোটিন ও ডওসিন। গাজর অ্যান্টিঅক্সিডেন্ট, উদ্দীপক ও শক্তিবর্ধক। এটি স্ট্রোক প্রতিহত করে এবং রাতকানা রোগ দূর করে। বড় হয়ে তোমরা এ সম্পর্কে আরো বেশি জানতে পারবে।
মনে রেখো, গাজরের ইংরেজি Carrot এবং এর বৈজ্ঞানিক নাম Daucus Carota.